ছাত্রশিবির রাজশাহী মহানগরী সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার ও অস্ত্র মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, একের পর এক শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার পর নানা কায়দায় নাটক সাজাচ্ছে পুলিশ।

শিবির নেতৃবৃন্দ বলেন, গত ২৫ জুলাই কোন কারণ ছাড়াই অন্যায় ভাবে রাজশাহী মহানগরীর সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে অস্বীকার ও পরে একদিন পর পরিকল্পিতভাবে তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে পুলিশ।

বার বার পুলিশের এমন দায়িত্বহীন ও অমানবিক আচরণে দেশবাসী তাদের প্রতি চরমভাবে বিরক্ত বলেন শিবির নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, নিরীহ ছাত্রদের অন্যায় ভাবে আটকের পর এমন নিকৃষ্ট অস্ত্র নাটক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে সচেতন দেশবাসী মনে করে। অমানবিক ভাবে মেধাবী ছাত্রদের জীবনকে বিপন্ন করতেই সরকার ও প্রশাসন ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ বলেন, বার বার এই নাটক করে পুলিশ নিজেদের অবস্থানকেই কলঙ্কিত করছে। দেশের মানুষ জানে, ছাত্রশিবির আদর্শবাদী সংগঠন ও শান্তিপূর্ণ পথ চলায় বিশ্বাসী। এসব অস্ত্র নাটকের সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। বরং সরকারের সীমাহীন ব্যার্থতাকে আড়াল করতেই পুলিশের সহায়তায় এমন ঘৃণ্য নাটকের অবতারণা করা হয়েছে। পুলিশ অবৈধ সরকারের ইশারায় নিজেদের নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে এই অস্ত্র উদ্ধার নাটক সাজিয়েছে। অবিলম্বে এই নাটক বন্ধ করে নিরাপরাধ শিবির নেতা জসিম উদ্দিনকে মুক্তি দিতে আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

নেতৃবৃন্দ ভবিষ্যতে এমন অন্যায় গ্রেফতার ও সাজানো নাটক থেকে বিরত থাকতে এবং গ্রেফতারকৃত শিবির নেতাকে মুক্তি দিতে প্রসাশনের প্রতি আহবান জানান।

এমআইএস