কুষ্টিয়ায় আওয়ামী লীগে সংঘাত-সংঘর্ষ ঘটনা বেড়েই চলেছে। ভেঙে পড়েছে আওয়ামী লীগের শৃঙ্খলা।
দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রায়শই জড়িয়ে পড়ছে সংঘাত আর সংঘর্ষে। কোথাও আবার দলীয় কোন্দলে প্রাণও যাচ্ছে নেতাকর্মীদের।
ক্ষমতাসীনদের মধ্যে আধিপত্যের লড়াইয়ে বিরোধ যেন জেঁকে বসেছে। সম্প্রতি দলীয় বিভিন্ন কর্মকান্ডে নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।
সুত্র জানায়, গত ১৫ আগষ্ট কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সবুজ (২৪) নামের একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। শহরের মজমপুর গেটে এ ঘটনা ঘটে। নিহত সবুজ শহরের ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে এক বিশাল শোক র্যালি বের করে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।
এ সময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মীরা র্যালি ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা চলে এ সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হন। পরে সবুজ নামের একজনের মৃত্যু হয়।
গত ২৩ জুলাই কুষ্টিয়ায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হওয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা পিয়াস (২১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
কুষ্টিয়ার শহরতলীর হরিশংকরপুরের নিজ বাড়ির সামনে থেকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে পিয়াসকে গুলি করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পিয়াস কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ও সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
গত ২২ মে কুষ্টিয়ার কমলাপুরে হাটের ইজারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সবুজ ইসলাম (২২) নামে একজনের মৃত্যু হয়। সে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জোতপাড়া গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে।
সুত্র জানায়, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার ইজারা নিয়ে স্থানীয় জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শাহজাহান আলী ও আ.লীগ নেতা ইউপি মেম্বার শাহ্জাহান আলীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সবুজ ইসলাম’র মৃত্যু হয়।
দলীয় কর্মকান্ডের বিষয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন লাইট বলেন, কিছু নেতা আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি আনোয়ার আলী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে।
এসএইচ





