রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কথাবার্তা ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০৭ এপ্রিল) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে বিক্ষোভ মিছিলের সময় রফিকুলকে আটক করেছিল পুলিশ। তবে সেদিন আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই ‘শিশুবক্তা’ বলেন।

এদিকে, আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

এমবি