নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে টিআইবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “টিআইবি নির্বাচন পর্যবেক্ষকও ছিল না। যারা পর্যবেক্ষক ছিল তারা বলেছে নির্বাচন সুষ্ঠু, আর পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামায়াতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।”

আজ (১৮ জানুয়ারি) শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের নাটক করছে।

দেশের মানুষ যেনো আমাদের ভালোবাসে এবং আওয়ামী লীগকে দেশ পরিচালনার জন্য আবারও দায়িত্ব দেয়, সেজন্য নেতাকর্মীদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, “কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেনো কারও বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে।”

এসময় বিএনপি’র প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, “২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল। নৌকায় ভোট দেবার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিল, গ্রামছাড়া হয়েছিল বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।”

এমবি