দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসমামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জামায়াতে ইসমামীর আমীর বলেন, “কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদ-উল-ফিতর।”

তিনি আরও বলেন, “বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশের মানুষ যখন চরম অসহায় জীবন-যাপন করছে ঠিক সেই মুহূর্তে ঈদ-উল-ফিতরের আগমন। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।”

“করোনা ভাইরাসের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও অসহায় মানুষের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি এবং এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা আমাদের মেনে চলা উচিত।”

জামায়াতের আমীর বলেন, “মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন এবং এ বিপর্যয়কর অবস্থা দ্রুত কাটিয়ে উঠার তাওফিক দান করেন।”

ডা. শফিকুর রহমান বলেন, “প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি