ঢাকা উত্তর সিটির বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওছার আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মিরপুর থানা বিএনপির সহসভাপতি। তার বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে বলে মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।
কাওছার আহম্মদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী জনসংযোগকালে তাকে মিরপুরের পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাওছার আহম্মদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। যেসব মামলার প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এদিকে কাওছার আহম্মেদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং সদস্য সচিব শওকত মাহমুদ।
কাওছার আহম্মেদ আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী। এই ব্যানারেই ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।
জেআই





