অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সংবর্ধনার তারিখ এখনো নির্ধারণ হয়নি। সচিবালয়ে আজ সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে ওবায়দুল কাদের বলেন, ভারত পরপর চার বার চ্যাম্পিয়ন, তাদের হারানো বেশ কঠিন ছিল। যখনই কেউ জিতে এসেছেন তখনই সংবর্ধনা দেয়া হয়েছে। গণসংর্বধনা ওদেরও দেয়া হবে বলে জানিয়েছেন সরকারপ্রধান।
গতকাল রোববার মুজিববর্ষের প্রাক্কালে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করে বাংলাদেশ।
কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা প্রকাশ করেন, এ খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা এনে দিয়েছে বাংলার যুবারা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে চার বারের চ্যাম্পিয়ন ভারতকে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে হারায় ৩ উইকেটে।
এএস





