মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে নিয়োজিত রুহুল কবির রিজভী আহমেদ ।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও সাদেক হোসেন খোকার মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, একটি প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসেছে। তাই তাদের ক্ষমতা থেকে বিতারিত করতে হবে, অন্যথায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের কোন অস্তিত্ব থাকবে না। ফলে সরকার পতন ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আমাদেরকে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আপনার সুযোগ্য সন্তানের ম্যাজিক জনগণ সত্যি দেখেছে। তার বড় প্রমান হচ্ছে জনগণের সমর্থন ও ভোট নেই, তার পরও আপনি প্রধানমন্ত্রী। এই হচ্ছে আপনার সন্তানের ম্যাজিক।  
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচনের আগে হাতে নেবেন তসবীহ আর নির্বাচনের পর ধর্মের নামে করবেন নির্যাতন। জনগণের সাথে আর খেলা করবেন না, এখনও সময় আছে এই খেলা বন্ধ করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।
বাংলাদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি করে দেয়ার ষড়যন্ত্র করছে অভিযোগ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতিক, বিএনপি চেয়াপারসন উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সংগঠনের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]