ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের নিষ্ঠুর বর্বোরোচিত হত্যাকাণ্ডে অংশ গ্রহণকারীরা কেউ রেহাই পাবে না। বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতে রায় কার্যকর করা হবে।

গত শুক্রবার ১৫ আগস্ট জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ এর এ দিনে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে যখনই নিয়োজিত হলেন ঠিক তখনই মুক্তযুদ্ধবিরোধী-যুদ্ধাপরাধী ঘাতকচক্র জাতির পিতাকে কাপুরুষের মতো নির্মমভাবে হত্যা করে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব বিলীন করাই ছিল তাদের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকেই মুক্তযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী চক্র হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। তারা ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দেয়।

তিনি বলেন, মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে সেইসময় হত্যা করা হয়েছিল। তদানিন্তন সামরিক শাসক সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে বিদেশী দূতাবাসগুলোতে চাকুরি দিয়ে, দেশের শত্রুদের নাগরিকত্ব দিয়ে দেশের গণতন্ত্রকে পঙ্গু করে দিয়েছিল।

এসময় অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে. আব্দুল মোমেন, জাসদ নেত্রী ও সংসদ সদস্য শিরীন আখতার, সাবেক এমপি মনিরুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট ফকির ইলিয়াস ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদেও সভাপতি খোলেদ আনোয়ার বাবলু বক্তব্য রাখেন।

ঢাকা, এমআর, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর