কেরানীগঞ্জে সামরিক প্রশিক্ষকসহ জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।
এদিকে, ফরিদপুরের চরভদ্রাসনে চায়ের দোকান ভাংচুরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। -
কেরানীগঞ্জ (ঢাকা) : দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসা থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ৪টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি মোহাম্মদ শাহজামান।
এ সময় আরও ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, থানার পরিদর্শক (তদন্ত) আসিকুজ্জামান, পরিদর্শক (অপারেশন) আরাফাত হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান পিপিএম।
ওসি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল দুষ্কৃতিকারী ইকুরিয়া এলাকার হাসনাবাদ হাউজিংয়ের আবদুল মজিদ মিয়ার ৭ম তলা বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাটে অবস্থান করছে।
তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে সমবেত হয়েছে। এমন খবর পাওয়ার পর এসআই ইমরান উকিলের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
চরভদ্রাসন (ফরিদপুর) : হাজীডাঙ্গী গ্রামের তিন রাস্তার মোড়ে গিয়াস উদ্দিন মোল্যার মুদি ও চায়ের দোকান ভাংচুর ঘটনায় মঙ্গলবার বিকালে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন, শেখ সাহিদ ও আলতাফ মৃধা। জানা যায়, এবারের নির্বাচনে ওই গ্রামের গিয়াস মোল্যার দোকানে নৌকা প্রতীকের ক্যাম্প করা হয়।
এর জের ধরে নির্বাচনের পরের দিন প্রতিহিংসাবশত বিজয়ী প্রার্থীর স্থানীয় সমর্থকরা ওই দোকানে হামলা করে।
এএস





