জেলা ও মহানগর যুবদলের ঘোষিত নতুন কমিটি নিয়ে বিস্ফোরন্মুখ সিলেট বিএনপি। যুবদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ত্যাগী ও পরীক্ষিতদের নাম আসেনি ঘোষিত কমিটিতে। এই ‘একতরফা’ কমিটি নিয়ে নাখোশ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা ও মহানগর বিএনপি। 

শুক্রবার (১ নভেম্বর) রাতে এ ইস্যুতে তারা দফায় দফায় বৈঠক করেছেন দলীয় নেত-কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, রাতে নগরীর কুমারপাড়া, ইলেক্ট্রিক সাপ্লাই, মিরবক্সটুলা, আম্বরখানা, মিরাবাজার, দক্ষিণ সুরমায় যুবদলের নতুন কমিটি ইস্যুতে একাধিক বৈঠক হয়েছে।
নবঘোষিত কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, তাহসীনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ দলটির বড় বলয়গুলোর ত্যাগী ও পরীক্ষিত নেতাদের জায়গা হয়নি নবঘোষিত দুই কমিটিতে।
এ নিয়ে ক্ষুব্ধ সিলেট বিএনপির নেতারা। শিগগিরই সব বলয়ের নেতারা একত্রিত হয়ে পরবর্তী করণীয় ঠিক করার কথা রয়েছে।

এক্ষেত্রে শীর্ষ সারির নেতারা কেন্দ্রে নতুন কমিটি দু’টির বাতিলের দাবি জানাবেন। অন্যথায় সিলেট বিএনপি ও অঙ্গসংগঠন থেকে গণপদত্যাগের কর্মসূচিও আসতে পারে।

বিএনপির একাধিক নেতা এতথ্য নিশ্চিত করলেও এই মুহূর্তে নামপ্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, অপেক্ষা করুন, শিগগিরই সব খোলাসা হয়ে যাবে। রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী ছাড়া কোনো অবস্থাতেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার সম্ভব নয়।

বিএনপি নেতারা জানান, দীর্ঘ দেড় যুগ পর জেলা ও মহানগর যুবদলের কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে, তারা একজন ব্যবসায়ী নেতার বলয়ের সুবিধাভোগী কর্মী। তাদের বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে দেখা যায়নি। এই কমিটি বাতিল না করলে তারা ঢাকায় গিয়ে পদত্যাগ করবেন।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জেলার আহ্বায়ক করা হয়েছে নারী নির্যাতন মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে। আর সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে মহানগর যুবদলের আহ্বায়ক করা হয়েছে।

এদিকে, নগরীতে আনন্দ মিছিল করেছে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে গিয়ে পথসভা করে। পথসভায় যুবদলের নতুন কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম বিল্লাহ