বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দখলদার আওয়ামী লীগ সরকার আজ গণতন্ত্রকে কারারুদ্ধ করে রেখেছে। এমনকি তাদের জন্য দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আজ বিপন্ন হয়ে পড়েছে ।

মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে প্রেরণা নিয়ে দেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিল গণতন্ত্রকে ধ্বংশ করে সেই চেতনাকে নস্যাৎ করেছে ক্ষমতাসীনরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান দেশে রাজনৈতিক ইস্যু একটিই । সেটা হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। আর এটা শুধু বিএনপির নয় জনগণেরও একমাত্র ইস্যু।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু জাতির দুর্ভাগ্য স্বাধীনতার ৪৪ বছর পর আবারও দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তাই দেশে এখন কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র এখন পুরোপুরি কারারুদ্ধ।

এসময় তিনি গুম, খুন অপহরণের মাধ্যমে দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন।

বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যে প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, বিএনপির জনগণের অধিকার ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছে। কিন্তু ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এর আগে সকাল ১১ টা ১৫ মিনিটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর সমাধিস্থলে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।

এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান মাজার প্রাঙ্গণে ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে জড়ো হয়। তারা শ্লোগানে শ্লোগানে শেরেবাংলা নগরের আশপাশের এলাকা মুখরিত করে রাখে।

এমএইচ/ইআর/জেআই