রাজধানীর মিরপুরের  পৈশাচিক হত্যাকান্ডের ঘটনা নিয়ে দেশে-বিদেশে প্রতিক্রিয়া শুরু হওয়ার পূর্বেই সুষ্ঠু বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনষ্টিটিউশনের হলরুমে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘আপনার দিন-রাত পরিশ্রমের ফসল মিরপুরের হত্যাকান্ডের মত কিছু ঘটনা আমাদের উপর কালিমা লিপন করছে’। তাই এ হত্যাকান্ডে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত।

তিনি বলেন, মিরপুরের হত্যাকান্ডের সময় পুলিশ কি করছিলেন? এত ঘটনা ঘটলো। অনেক সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আর পুলিশ নিষ্ক্রিয় ভাবে দাঁড়িয়ে রইল। পুলিশের এ অবস্থা দেশের মানুষ কতকাল দেখবে?

‘শেখ হাসিনা গডফাদারদের মা’খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আপনার (খালেদা জিয়া) শাসন আমলে ২১ আগষ্টের মত নারকীয় হ্ত্যাকান্ড ঘটিয়ে আমাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। এবং ২০১৩ সালে অনেক মানুষকে হত্যা করেছেন। তারা যদি আপনাকে পৈশাচিক হত্যাকারী বলে তাহলে ভুল হবে না। তবে আমরা আপনাকে (খালেদা জিয়া) তা বলতে চাই না।

মিরপুরের হত্যাকান্ডের সঙ্গে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পৃক্তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি এ দেশে অগ্নি-সংযোগের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। তাই মিরপুরের হত্যাকান্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

ঢাকা, এমআর, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ