সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সঙ্গে গোটা জাতি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অব্যাহতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারদের মনে রাখতে হবে আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। এই অবৈধ সরকার থেকে কেন আশরাফুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো তা আপনারাই ভলো জানেন।
আজ আশরাফুল ইসলামকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিলে হবে না, কারণ বাংলাদেশের মানুষ চায়, বর্তমান সরকারের অব্যাহতি।
খাদ্য মন্ত্রী কামরুল ইসলামকে পোকা খাওয়া মন্ত্রী হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকারের মন্ত্রী পরিষদ দুর্নীতিগ্রস্থ, কারণ কামরুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরা আজ দুর্নীতিবাজ।
অথচ এই পোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রীত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে।
তাই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কথায় বিএনপি আরো বেশী শক্তিশালী হয়েছে।
কারণ তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতাদের চাপ দিয়েছেন। আর জিয়াউর রহমানের মতই বেগম জিয়া সেদিন কথা বলেছেন।
এসএইচ





