যুদ্ধাপরাধী মামলায় দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়কে প্রত্যাখ্যান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্ত্তী রিন্টু এক যৌথ বিবৃতিতে জানান, ৭১ সালে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর রায়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। একজন চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে সাঈদীর মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো রায় তার অপরাধের মাত্রার সঙ্গে যায় না।
তারা জানান, আপিল বিভাগে স্পষ্টভাবে প্রমাণিত হবার পরও, মৃত্যুদণ্ডের রায় পাল্টে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এতে সরকারের সাথে জামায়াতের রাজনৈতিক আঁতাতের ফলাফল ফুটে উঠছে।
সেইসাথে নেতারা রায় প্রত্যাখান করে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলে ইমরান এইচ সরকারসহ অন্যান্যদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





