বিএনপি সংকটে নেই, সংকটে আছে সরকার বিএনপি নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনাকরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির এ বক্তব্যকে উড়িয়ে দেয়া যায় না। এ কথা বলার অর্থ তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়েছে। তাই তারা পশ্চিমা দেশগুলোকে নিয়ে ষড়যন্ত্র করে দেশে একটি দূর্ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস উদযাপন কমিটি-২০১৪” আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বিদেশি প্রভুদের নিয়ে যতই ষড়যন্ত্র করুন। দেশের জনগণ আপনাদের ষড়যন্ত্র সফল হতে দিবে না। ২০১৩ সালে আন্দোলন নামে যে সহিংতা করেছেন তা জনগণ ভুলে যায় নি। অতএব ষড়যন্ত্র করে লাভ নেই।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ’৭১-এর পরাজিত শক্তি তাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য জাতির পিতাকে হত্যা করেছেন। আর এর নেপথ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি খুনি জিয়াউর রহমান।

জাতির পিতার খুনিরা যারা বিদেশে পালিয়ে আছে। তাদেরকে দেশে ফিরিয়ে দেয়ার জন্য ওইসব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মাহবুব-আলম হানিফ।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দায়ে আমরা বার বার জিয়াউর রহমানের বিচারের দাবি করছি। সুতারং বাংলার মাটিতে একদিন জিয়াউর রহমানের মরোণত্তর বিচার হবেই।‌

আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক সমাজকল্যান প্রতিমন্ত্রী ডা: মোজাম্মেল হক, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহীউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

ঢাকা, এমআর, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ