বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সরকার কোনভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।

ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এ দল মনে করে, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এ লুণ্ঠনের সাথে জড়িত, কিভাবে এ ঘটনা ঘটলো।

সংবাদ সম্মেলনে ব্যাংকের অর্থ চুরির বিষয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি একটি গবেষণালব্ধ প্রতিবেদন তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমবি