ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলছে।

আজ (২৯ ডিসেম্বর) রোববার সকাল ১০টা থেকে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

গুলশানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নেয়া হচ্ছে ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার।

অপরদিকে, একই সময় ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর বাছাই কমিটি গঠন করা হয়।

ঢাকা উত্তর সিটি’র বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ কাইয়ুম, বজলুল বাসিদ আঞ্জু, আহসান উল্লাহ আহসান।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি’র বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি নেতা আবুল বাসার ও নবী উল্লাহ নবী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহিলা কাউন্সিলর (সংরক্ষিত আসন) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

তিনি বলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বাছাইয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হযয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, এ্যাডভোকেট নিপুন রায় ও মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের সভানেত্রী।

এমবি