শিক্ষা বোর্ডের জন্মতারিখের সঙ্গে জমাকৃত জন্মতারিখের মিল না থাকায় ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের সাধারণ সম্পাদকের প্রার্থিতা থেকে ছিটকে পড়লেন তিন ছাত্রলীগ নেতা। বয়স জালিয়াতি করায় তাদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
পদপ্রত্যাশী এ তিন ছাত্রলীগ নেতা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের কৃষি সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
জানা গেছে, রাইসুল ইসলাম জুয়েল প্রার্থিতার আবেদনে জন্মতারিখ ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর উল্লেখ করলেও শিক্ষা বোর্ডের নথি অনুযায়ী প্রকৃত তারিখ ৩১ ডিসেম্বর ১৯৮৫।
এ ছাড়া, এনায়েত হোসেন রেজার প্রদত্ত জন্মতারিখ ২৫ নভেম্বর ১৯৮৬ হলেও প্রকৃত তারিখ ২০ সেপ্টেম্বর ১৯৮৫।
অন্যদিকে সিরাজুল ইসলামের প্রদত্ত জন্মতারিখ ১০ জুন ১৯৮৭ হলেও প্রকৃত তারিখ ১০ জুন ১৯৮৬।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের শীর্ষ দুই পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৯ বছর। আর বেঁধে দেওয়া সময় অতিক্রম করায় বয়স লুকিয়ে নিজেদের প্রার্থিতার দৌড়ে টিকিয়ে রাখতেই এ তিনজন বয়স হেরফের করেছিলেন বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ড বৃহস্পতিবার রাতে বলেন, ‘শিক্ষা সনদের সঙ্গে জমাকৃত তথ্যে বয়সের মিল না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ছাড়াও অন্য সংগঠনের সঙ্গে জড়িত থাকা, শিক্ষা সনদ না থাকা, বয়স না থাকা, চাকরিজীবী হওয়াসহ অন্যান্য কারণে আরও ১০ জন সাধারণ সম্পাদক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবেদনপত্র জমাদানকারীদের মধ্যে কমপক্ষে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সুমন কুণ্ড।
সুমন কুন্ড আরও বলেন, ‘সভাপতি পদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জন প্রার্থীর আবেদন যথাযথ হয়েছে। যে ২৫ জনের মতো বাদ পড়েছেন তাদের দেখা যায় বয়স নেই, কারও ছাত্রত্ব নেই। কেউ বিবাহিত, চাকরিজীবী। আমরা গঠনতন্ত্র অনুযায়ী বয়স ২৯, অবিবাহিত, ছাত্রত্ব- এ তিনটি বিষয়কে সামনে রেখে প্রার্থিতা চূড়ান্ত করেছি।’
আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র:দ্য রিপোর্ট
এমআর





