মেডিক্যালে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করেছে ছাত্রদল।

মঙ্গলবার  বিকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের দাবি করেন। অবিলম্বে ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিক্যালে ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নেতারা বলেন, অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে করতে দেশের মানুষ এখন ক্লান্ত। এই অবৈধ সরকারের আমলে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার।

তারা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বিরোধী ছাত্র সংগঠন করার কারণে হলে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা করতে দেওয়া হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস ফেলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে।

ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা বলেন, দেশের সব ক্ষেত্রে লুটপাট চালিয়ে সরকারের নজর এখন কোমলমতি শিক্ষার্থীদের ওপর। পিএসসি থেকে সম্মানের ভর্তি পরীক্ষা, প্রতিটি স্তরের প্রশ্নপত্র ফাঁস-এখন সরকার দলীয় লোকজনের দ্রুত উপায়ে টাকা কামানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।


এসব কাজে সরকার প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম আর সুশীল সমাজের লোকজন প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একশত ভাগ নিশ্চিত হলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এই অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত।

বিবৃতিতে নেতারা মেডিক্যালে ফাঁস হওয়া প্রশ্নপত্রের পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে আবার নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

এমএইচ