ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই বেছে নিয়েছে বিএনপি। ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনেও তিনিই দলের প্রার্থী ছিলেন।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ৫ প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তাবিথকে মনোনয়ন কোন বিবেচনায় করলেন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, “আমরা তাবিথকে মনে করেছি যে, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। ফিটেস্ট ক্যান্ডিডেট। গত বার ভোট করেছিল, প্রচুর ভোট পেয়েছে। সে ইয়াং। সে বাইরে ছিল, লেখাপড়া করেছে, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। আমাদের স্থায়ী কমিটি হচ্ছে পার্লামেন্টারি বোর্ড। সেখান আলোচনা করে প্রার্থী ঠিক করা হয়েছে।”

তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবেই আমরা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। এ দিকে তাবিথ আউয়াল তার প্রতিক্রিয়ায় এই মনোনয়নকে সারা দেশে তরুণদের বিজয় বলে মন্তব্য করেন।

তাবিথ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি উনি (খালেদা জিয়া) উনার সিদ্ধান্ত দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। আগামীতেও আমরা দেখব ইনশাআল্লাহ এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশের সেবায় তরুণরা এগিয়ে আসবে। এই মুহূর্তে আমি আর কিছু বলব না। অফিসিয়ালি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার পর প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে আবার আসব।”

তিনি জানান, দলের অন্য প্রার্থীদের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা পাবো বলে আশা রাখি।

গত বছরের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আানিসুল হক। তার মৃত্যুতে ঢাকা উত্তর সিটির মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

তিন বছর আগে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে আনিসুল হক বিজয়ী হয়েছিলেন।

গত রাত পৌনে ১০টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড ৫ প্রার্থী যথাক্রমে দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহপ্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের (রঞ্জন) সাাৎকার নেন।

প্রথমে শাকিল ওয়াহেদ সাক্ষাৎকার বোর্ডে যান এবং পৌনে ১১টায় শেষ হয় তাবিথ আউয়ালের সাাৎকারের মধ্য দিয়ে। মেয়র পদে ইচ্ছুক ঢাকা উত্তরের সভাপতি এম এ কাইয়ুম বিদেশে থাকায় সাক্ষাৎকারে অনুপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে রাত ১০টা ৫৫ মিনিটে বোর্ডের দুই সদস্য ক থেকে বেরিয়ে আসার পর স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উত্তর সিটি নির্বাচনের মেয়র পদে প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এমবি