বিএনপি দলীয় সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার জাতীয়তাবাদী মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলীয় সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবেন না।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, অবিলম্বে নির্দলীয় সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় বিএনপি আবারো আন্দোলন করতে বাধ্য হবে।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল খান, মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সাধারণ সম্পাদক মিলন মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমই/এমবি





