যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা হারিয়ে তারা মাতাল হয়ে গেছে। তাদের তর্জন গর্জনই সার। যত গর্জে তত বর্ষে না। ১৫ ও ২১ আগস্টের রক্তক্ষরণ এখনো আছে। এর মধ্যে যারা কেক কেটে তা আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। এদের সাথে সংলাপের পথটা এর মাধ্যমে নষ্ট হয়ে যায়। এক দিনে এরা সারা বছরের আলোচনার পরিবেশটা নষ্ট করে দেয়।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তারেক রহমানকে উদ্দেশে করে মন্ত্রী বলেন, লন্ডনে বসে গর্জন না করে দেশে এসে রাজপথে নামুন দেখা যাবে কার কত শক্তি আছে।
পদ্ম সেতুর ব্যপারে তিনি বলেন, পদ্মা সেতু কাজের বিষয়ে সিন্ডিকেট করে অনেকে অনেক ধরনের কথা বলছে। এদের মুখে ছাই দিয়ে মূল সেতুর কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। পদ্মা সেতুর কাজে লোক নিয়োগ দেয়ার নামে একটি মহল দেশের মানুষকে প্রতারিত করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন মন্ত্রী।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





