আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সরকার শান্তিতে বিশ্বাসী। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। আমারা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই ভারতের সঙ্গে বাকি অমীমাংসীত বিষয়গুলো আলোচনার মাধ্যমে অথবা আইনের মাধ্যমে সমাধান করা হবে।

বুধবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আয়োজিত সমুদ্র বিজয়ের আনন্দ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আমরা আমাদের ন্যায্য হিস্যা আইনের মাধ্যমে আদায় করেছি। এ জন্য আমাদের যুদ্ধ করতে হয়নি। এর জন্য আন্তর্জাতিক আইনের দরকার ছিল না। আলোচনার মাধ্যমেও এটা সমাধান করা যেত। তবে স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক আদালতে গিয়েছি।

তিনি বলেন, সমুদ্রসীমা রায়ে মায়ানমার ও ভারতের পরাজয় হয়নি। এ রায়ে সকলের বিজয় হয়েছে। দুই দেশই এ রায় মেনে নিয়েছে। এ রায়ের মাধ্যমে শেখ হাসিনার কূটনৈতি বিজয় হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সামরিক শাসক জিয়াউর রহমান-এরশাদ এবং পরে খালেদা জিয়া দুই বার ক্ষমতায় ছিলেন। তারা কেউ এ বিষয় নিয়ে (সমুদ্র সীমা) দেশের মধ্যে কোন আলোচনা করেনি। আন্তর্জাতিক আদালতে তো দূরের কথা। দেশের স্বার্থে যা যা করা দরকার তা কেবল শেখ হাসিনাই করেছেন।

তিনি বলেন, প্রতিবাদহীনভাবে ভারত এ রায় মেনে নিয়েছে। এতেই প্রমাণিত হয় সমঝোতার মাধ্যমে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব।

একই সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, যা বাস্তবে নেই। বাংলাদেশের ম্যাপে নেই। সেই তালপট্টি দ্বীপ নিয়ে বিএনপি মায়া কান্না কাঁদছে। তাদের উদ্দেশ্য একটাই শেখ হাসিনার এ বিজয়কে বিতর্কিত করা।

মতিয়া চৌধুরী বলেন, নৌকা ক্ষমতায় গিয়েছিল বলেই এ রায় বাংলাদেশের পক্ষে এসেছে।

ঢাকা, এমআর, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর