মুক্তমনা ব্লগের সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় তার ব্লগে যা লিখেছিলেন তা পড়লে নিজের শরীর শিহরিত হয়ে ওঠে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান  ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, অভিজিৎ তার ব্লগে নবী  সম্পর্কে কটূক্তি করেছেন। আর সেরকম একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে সরকারের মদদ রয়েছে। 

স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশে হরতাল-অবরোধের সমর্থনে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত এক সভায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। কেউ যদি নাস্তিক হন, ধর্ম না মানেন, এটা তার ব্যাপার। তাতে আমাদের কিছু আসে যায় না। তার জবাব তিনি যথাযথ সময়ে দেবেন। 

অভিজিতের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাদেক হোসেন খোকা। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে যুক্তরাষ্ট্রে বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সামনে জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য দলের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।

এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গুলশান কার্যালয়ে তল্লাশি চালানোর নির্দেশ জারি প্রসঙ্গে সাদেক হোসেন খোকা বলেন, সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিচারালয়কে জুলুমের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।

সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে শুধু খালেদা জিয়া নন, সারা বাংলাদেশ অবরুদ্ধ। বাংলাদেশ জেলখানায় পরিণত হয়েছে। তিনি মুক্তমনার ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, যার বিশ্বজিৎকে হত্যা করেছে তারাই অভিজিৎকে হত্যা করেছে। 

যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন, আহবাব চৌধুরী খোকন, এবাদ চৌধুরী, আবু সুফিয়ান, সরোয়ার খান বাবু প্রমুখ। সভায় সঞ্চালক ছিলেন হায়দার আলী ও রেজাউল আজাদ ভূঁইয়া।

জেআই