জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, 'জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না। যে মৌলিক সংস্কার এবং বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না।'
নাহিদ বলেন, 'ছাড় দিতে দিতে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা এবার আর ছাড় দেব না। গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।'
এনসিপির আহ্বায়ক বলেন, 'একাত্তরের পরে কীভাবে রক্ষীবাহিনী দিয়ে, বাকশাল তৈরি করে লুটপাট করা হয়েছিল, '৯০-এর পরেও কী হয়েছিল তা আমরা দেখেছি। '২৪-এর অভ্যুত্থানের পর সেই ভুল হতে দেব না। সমীকরণ এখনো শেষ হয়নি, যারা সমীকরণ মিলিয়ে ফেলছেন তারা ভুল করছেন।'
তিনি আরও বলেন, 'গণঅভ্যুত্থানের এক বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব-নিকাশ আমরা করছি। এক বছর আমরা কী পেলাম, তরুণরা কী পেল, দেশে কী কী পরিবর্তন হলো? গণঅভ্যুত্থানের এক বছরেও নতুন বাংলাদেশ আমরা পাইনি।'
এমএম