প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমামের প্রথম জানাজা তার নিজ এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হবে।
আজ (০৪ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।
এরপর দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এইসব তথ্য জানিয়েছেন।
বুধবার (০৩ মার্চ) দিবাগত রাত ১টা ১৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এইচ টি ইমাম মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
গত কয়েক দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়।
হোসেন তৌফিক (এইচ টি) ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা শোকবার্তায় তারা এই দুঃখ প্রকাশ করেন।
এমবি





