বিএনপি'র বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যলয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, "বিএনপি তৈরিই হয়েছে বেআইনিভাবে। তাই তাদের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নাই।"
তিনি আরো বলেন, "জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি নেত্রী ৪৮ বার সময় নিয়েছেন। এরপরও তারা যদি বলেন বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়, তাহলে আমাদের কিছু বলার নাই।"
১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন না করলে কি হবে-এমন প্রশ্ন করলে হানিফ বলেন, "জন্মদিন পালন করা, না করা তার ব্যক্তিগত বিষয়। তিনি যদি জন্মদিন পালন করেন, সেটা জনগণই বিচার করবে। জনগণ তার কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশাও করে না।"
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
ইআর/জেডআই





