বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ও সংলাপের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায় সরকার অতীতের ইতিহাস, এটা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না।
শুক্রবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্যিক উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘শেখ হাসিনার হাতে রক্ত’ খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতে নয়, আপনার (খালেদা জিয়া) হাতে বহু মানুষের রক্ত রয়েছে। ২০১৩ সালের শেষের দিকে আন্দোলনের নামে অনেক মায়ের কোল খালি করেছেন আপনি। অনেককে করেছেন মা-বাবা,স্বামী-স্ত্রী ও সন্তান হারা। সেই দায়ভার আপনি এখন আমাদের নেত্রীর ওপর চাঁপিয়ে দেয়ার জন্য মিথ্যাচার করছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সবকিছু হারিয়ে এখন সংলাপ চাচ্ছেন। আমাদের নেত্রী আপনাকে যখন সংলাপের আহবান জানিয়েছিলেন তখন আপনি আসেন নি। তাই এখন সংলাপ চেয়ে আর কোন লাভ হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনেই আপনাকে অংশগ্রহণ করতে হবে।
বিএনপির আন্দোলনের হুমকিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, আওয়ামী লীগের জম্মই হয়েছে আন্দোলনের মধ্যে। তাই আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আপনাদের আন্দোলন ঠেকানোর জন্য তৈরী হয়েছি।
ঢাকা, এমআর, ২৭ জুন, (টাইমনিউজবিডি.কম)//এসআর





