প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের দু’দিনের মাথায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন।
আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।
আজ দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে হুসেইন মুহম্মদ এরশাদ সিলেট পৌঁছান। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এরশাদ বলেন, আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগ এর সঙ্গে কোনো ঐক্য হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন করবো।
সিলেটে এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা।
মাজার জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এরশাদ।
এমবি





