জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘খালেদা যে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছিলেন তারই শিকার হচ্ছেন তিনি। তার জন্য আমার দুঃখ হয় কিন্তু তার জন্য আমার করার কিছুই নেই। ১৯৯১ সালে যে অগণতান্ত্রিক সন্ত্রাসের রাজনীতি চালু হয়েছিল তা আজও চলছে।’
বুধবার রাজধানীর কাকরাইলের পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবলু।
জাতীয় সংসদের বিরোধী দলের এই মহাসচিব আরো বলেন, ‘প্রত্যেকটা দলের সভা ও সেমিনার করার অধিকার আছে। যারা রেজিস্টার্ড পার্টি তাদের অবশ্যেই আছে। কিন্তু বিএনপি প্রথম ক্ষমতায় এসেই সন্ত্রাসের রাজনীতি চালু করেছিল। তারা এসেই মিছিল মিটিং ও সভা বন্ধ করেছিল। উনি (খালেদা জিয়া) কি জানতেন না উনাদেরও একদিন এ রকম কষ্টের শিকার হতে হবে?’
সরকারের গুম-খুনের জবাব সভা-সেমিনারের মাধ্যমে দেবো বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব।
আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টি সরকারের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে- এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বাবলু বলেন, ‘সরকারের ছত্রছায়ায় এবং তাদের অর্থ নিয়ে আমরা কোনো সমাবেশ করছি না। এটা মিথ্যা তথ্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনারা প্রমাণ করতে পারবেন না। বিএনপি যখন বড় সমাবেশ করে তখনতো তাদের অর্থের উৎসের কথা বলেন না?’
সমাবেশের দিন জামায়াতের হরতালের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যদি গণতান্ত্রিকভাবে কথা বলতে চান, বিবেকবান হন এবং গণতান্ত্রিক দল হয়ে থাকেন তবে এ হরতাল প্রত্যাহার করুন। গণতন্ত্রকে সম্মান প্রদর্শন করে হরতাল প্রত্যাহার করে আমাদের সমাবেশ করার জন্য সহায়তা করুন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা, গোলাম মসিহ, এসএম ফয়শাল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
জেআই





