উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রায় ১৫০ এর মতো বিদ্রোহীদের শোকজ নোটিশ ইস্যু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠক হয়।

তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের ১৫০ জনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজের চিঠি পাবেন। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি কাদের।

জাতীয় পার্টির ইস্যুতে কাদের বলেন, ‘জাতীয় পার্টির নেতৃত্বের দ্বন্দ্বে কোনো পক্ষ নেবে না আওয়ামী লীগ।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এএস