দেশের বিভিন্ন স্থানে সড়কের বেহাল অবস্থার জন্যে বৃষ্টিকে দায়ী করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ ও পূজায় ঘরমুখো যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয় তা নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেই সংস্কার কাজ করতে বলা হয়ছে। বৃষ্টিও হচ্ছে, সংস্কার কাজও চলছে।

গত রোজার ঈদের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো। তা সত্বেও কিছু কিছু গণমাধ্যমে সড়ক নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। ঘুরমুখো যাত্রীদের এভাবে আতঙ্কিত না করার জন্যেও গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী।

দুপুরে আশুলিয়ার বাইপাইলে সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদ ও পূজা পর্যন্ত বৃষ্টি হবে, সেটি মাথায় রেখেই কাজ চলছে। এবারো ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে যা যা করা প্রয়োজন তার সবই করা হবে।

ঈদে পরিবহন ভাড়া বৃদ্ধি ও সড়কে চাঁদাবাজীর বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, এসব অপরাধ কঠোর হাতে দমন করা হবে।

ঈদের পর বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে সম্প্রতি বিএনপির চেয়ারপার্সনের এমন ঘোষণার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপির জনসম্পৃক্ততা নেই।

‘হরতাল ডেকে মাঠে না নেমে তারা বাসায় আয়েশ করেন। ঈদের পর কঠোর আন্দোলন, সর্বাত্বক আন্দোলন ইত্যাদি নানা নামে হুংকার দেওয়া হলেও তা আষাঢ়ের তর্জন-গর্জনের মতোই।’

আগামীতেও তারা আন্দোলন গড়ে তুলতে পারবে না। সে সামর্থও তাদের নেই বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ