সারাদেশে অবরোধের সমর্থনে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় অবরোধকারীরা ককটেল বিষ্ফোরণসহ গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়।

বগুড়া:

বগুড়ার বনানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। কিছু সময় তারা সড়ক অবরোধ করে রাখে।

পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বনানী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বলেন, বগুড়ায় আর নাশকতা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে অচল করে দেওয়া হবে গোটা উত্তরাঞ্চল।

অবরোধের সমর্থনে সকাল থেকে শহরের মাটিডালিতে বিএনপি ও জামায়াতের সদর উপজেলা শাখার নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করে। তারা সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এদিকে অবরোধের টানা তৃতীয় দিন বগুড়া থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোটেম্পো চলাচল করছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জামায়াতের তিন নেতাকর্মীসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা:

দেশব্যাপী টানা অবরোধের তৃতীয় দিনে খুলনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরোধকারীরা দু'টি গাড়ি ভাঙচুর করলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অবরোধ সমর্থকদের ইট-পাটকেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৩ জন আহত হয়।

বৃহস্পতিবার সকালে নগরীর খানজাহান আলী সড়কে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলকর্মীদের এ সংঘর্ষ হয়। আহত সাংবাদিক এসএ টিভির ক্যামেরাম্যান মতিয়ার রহমান।

এছাড়াও অবরোধ সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল করা হয়েছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। একই সময় পুলিশ চার রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে অবরোধকারীদের ককটেল হামলায় পুলিশসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বন্দরে আটকে পড়া পণ্যবোঝাই কয়েক'শ ট্রাকের মধ্যে ৭৭টি ট্রাক পুলিশসহ যৌথবাহিনীর প্রহরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নেয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের কারণে বন্দরে আটকে পড়া পণ্যবোঝাই কয়েক'শ ট্রাকের মধ্যে ৭৭টি ট্রাক পুলিশসহ যৌথবাহিনীর প্রহরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নেয়া হচ্ছিল। এসময় অবরোধকারীদের কয়েক দফা বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সোহেল রানা নামে এক পুলিশ সদস্য এবং রানা ও কামাল নামে দুই ট্রাকচালক আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

কেএইচ