সংবিধান সম্মত যেকোন দাবি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
হানিফ বলেন, সংবিধানকে উপেক্ষা করে আমরা কোন আলোচনায় বসবো না। সাংবিধানিক ভাবে আপনারা (বিএনপি) যেখানেই আলোচনায় বসতে চান আমরা সেখানেই বসবো। সংবিধানের বাহিরে গিয়ে আলোচনা বসার কোন সুযোগ নেই।
সোমবার বিকালে রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, গতকাল আপনি (খালেদা জিয়া) আপনার নেতাদের সঙ্গে বৈঠক করে কোন কর্মসূচি ঘোষণা করেননি।কারণ আপনি বুঝতে পেরেছেন এই মূহুর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোন লাভ হবে না।
তিনি বলেন,আপনার কৃতকর্মের কারণে ২০০৮ সালের নির্বাচনে জনগণ আপনাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছিল। এবার ১৫ আগস্ট যদি আপনি (খালেদা জিয়া) মিথ্যা জম্মদিন পালন করেন। তাহলে দেশবাসী আবারও আপনাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের মানুষ আপনার নেতৃত্ব আর চায় না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, কোন এক মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করেছেন। এটা অত্যান্ত দু:খ জনক। এর জন্য তিনি দু:খও প্রকাশ করেছে। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা এটা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
সেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, পংকজ নাথ প্রমুখ।
ঢাকা, এমআর, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





