আওয়ামী লীগকে আওয়ামী লীগের শত্রু না বানানোর আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতে কি হয়েছে এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি, ঘাটাঘাটি না করে এক্যবদ্ধ থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মধ্যে অন্তঃকলহ থাকতে পারবে না। সব ভেদাভেদ, মনোমালিন্য দূর করে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ ও পদুয়ার বাজারে আয়োজিত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। পথসভা দু’টিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির সময় এসেছে। বসে থাকলে হবে না। নেতাদের খুশি না করে ভোটারের কাছে যান। নিজেরা সংঘবদ্ধ হয়ে এখন থেকেই ভোটারের সমর্থন আদায় করার চেষ্টা শুরু করুন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা ভোটারের কাছে তুলে ধরুন। হাতে বেশি সময় নেই। মাত্র দুই বছর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা গ্রামগঞ্জে উঠান বৈঠক করুন। গণসংযোগ করুন। মন্ত্রী বলেন, দলীয় কোন্দল থাকতে পারবে না। সবাই এক হয়ে যান। সমস্যা থাকলে আমরা বসে এসব সমাধান করব। আওয়ামী লীগ করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করা যাবে না। নেত্রীর পরিস্কার ম্যাসেজ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা নিয়ম কানুন মেনে চলবেন না, তাদের দলের কাঠামোর মধ্যে থাকার কোনো অধিকার নেই। নেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা আমি মেধা ও প্রজ্ঞা দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
অন্যায়কারীকে কখনোই ছাড় দেয়া হবে না। দেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না ।
এনএম....





