বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি দেশের মানুষের স্বার্থ রক্ষায় মাঠে নেমেছে। সে কারণে ভীত হয়েই দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদকে সরকার গ্রেফতার করেছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, দেশে বাকস্বাধীনতা নেই, যে কারণেই হত্যা করা হয়েছে বুয়েটের আবরার ফাহাদকে। এর প্রতিবাদে বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। তাতে ভীত হয়েই সরকার এখন দলের নেতাকর্মীদের আটক করছে।
বিএনপি নেতা বলেন, এই সরকার ভারতের সাথে যে চারটি চু্ক্তি করেছে তার সবগুলোই দেশের স্বার্থবিরোধী। এই চুক্তির ফলে ফেনী নদীর পানি ভারত নিয়ে যাবে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে, বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে তা ভারতকে দেয়া হবে আর সমুদ্রসীমায় রাডার স্থাপন করবে। সবগুলোই ভারতের স্বার্থে করা হয়েছে।
খন্দকার মোশাররফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে কিছুই আনতে পারেননি। এসব বিষয় নিয়েই বুয়েট ছাত্র আবরার ফাহাদ তার ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আবরার ফাহাদ যে স্ট্যাটাস দিয়েছে এটা শুধু তার নিজের বক্তব্য নয়। এটা সারা দেশের মানুষের মনের কথা।
কলেজ ও বিশ্ববিদ্যালয় বুদ্ধিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ঢাবির অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্যফ্রন্টের নেতা গৌতম চক্রবতী, সুশীল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, জিকু বড়ুয়া ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান
এমবি





