ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সাদ ইবনে মমতাজ নামে এক শিক্ষার্থীকে রাতভর কক্ষে আটকে নির্যাতন করেছে। এতে তিনি মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাদ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১- এর ছাত্র এবং  ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সাদের বন্ধুরা জানান, শ্রেণি প্রতিনিধি নির্বাচন নিয়ে ছাত্রলীগের কয়েক নেতার সঙ্গে সাদের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে শিবিরকর্মী হিসেবে চিহিৃত করার চেষ্টা করে নির্যাতনকারী ছাত্রলীগের নেতারা।
এ ঘটনায় সোমবার সাদকে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে আটকে রেখে রাতভর রড, লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করে ছাত্রলীগের নেতারা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাদের বন্ধুরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ শহরের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদের বাড়ি রাজশাহী শহরে। তিনি ছাত্রলীগের হল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
[b]ময়মনসিংহ, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]