বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ২৭ এপ্রিল ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সফরে আসছেন। তিনি কেনো এত ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন?
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আশা ব্যক্ত করেন। ‘ভারতের সাথে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তা সহ ৫৪টি নদীর ন্যায্য হিস্যা দাবি’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী ২৭ এপ্রিল ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সফরে আসছেন। তিনি কেনো এত ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন? তিনি কি অস্ত্র চাপিয়ে দিতে আসছেন না কি অন্য কোনো শলাপরামর্শ করতে আসছেন?
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এ্ই নেতা বলেন, প্রধানমন্ত্রী ভারতের সাথে কি কি চুক্তি করেছেন সেইগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় সেইগুলো চুক্তি গোলামীর চুক্তি হিসেবে মানুষের মনে গেথে যাবে। কারণ সংবিধানে আছে- বৈদেশিক যেগুলো চুক্তি হবে সেইগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে আর আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপিসহ ২০ দলীয় জোট ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ বিরোধী দলে আসবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের যদি স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন দুদু।
আয়োজক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এমবি





