আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্ত্রীদের বাক সংযমী হতে বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের বড় বড় মন্ত্রীদের আরেকটু বাক সংযমী হতে হবে। কারণ আমাদের নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।
জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের বিষয়ে তিনি বলেন, অনেক দেরিতে হলেও তার রিভিউ পিটিশন খরিজ হয়েছে। তবে এই দেরির কারণ আমার বোধগম্য নয়।
তিনি বলেন, এখন কামারুজ্জামানের পরিবারকে স্থির করতে হবে তার অপরাধ স্বীকার করে অতীতের কৃতকর্মের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুকম্পা চাইবে কি না? কারণ এটার জন্য তো আর অনির্দিষ্টকাল অপেক্ষা করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আদালতের আদেশ কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবে এটা সংবিধানের কোথাও লেখা নেই। তিনি কেবল সেই সব অপরাধীকে ক্ষমা করতে পারেন, যেটা তিনি মনে করবেন আদালত তার প্রতি সুবিচার করেনি।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, নিজের কারনেই হোক আর শত নাগরিকের কারণেই হোক খালেদা জিয়া যে অসুস্থ রাজনীতি পরিহার করেছেন এটা শুভ লক্ষণ। যদিও তার ধ্বংসাত্মক রাজনীতির কারণে ৪ হাজার কোটি টাকা ইতোমধ্যে ক্ষতি হয়েছে।
সংগঠনের সভাপতি খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এমআর/এমকে





