বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের মুখোশ। তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ নয়, তারা ধর্মহীন।
আজ (মঙ্গলবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে বেগম খালেদা এসব মন্তব্য করেন।
সংখ্যালঘু নির্যাতনের দিকে ইঙ্গিত করে বেগম খালেদা বলেন, আওয়ামী লীগের সুবিধা তারা এসব কাজ করে বিএনপির ওপর চাপায়। কারণ অন্য কারো ব্যাপারে দোষ চাপিয়ে সুবিধা করতে পারবে না জেনে এমনটি করছে আওয়ামী লীগ।
দেশে যে পরিমানে গুম, খুনের ঘটনা ঘটছে তাতে কোন ধর্মের লোকই বর্তমানে নিরাপদ নয়-এমন মন্তব্য করে বেগম জিয়া বলেন, লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে নিজ ধর্মের ওপরও আঘাত হানছে আওয়ামী লীগ।

ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীনরা ভোগ দখল করছে বলেও অভিযোগ করেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এই লুটেরাদের কাছে কেউ নিরাপদ নয়।
নারায়নগঞ্জে ৭ খুনের একজন অ্যাডভোকেট চন্দন সরকারের হত্যার বিষয় উল্লেখ করে বেগম জিয়া বলেন, অপহরণের দৃশ্য দেখে ফেলার কারণে এমন একজন আইনজীবীকে হত্যা করলো র্যাব।
বিএনপি চেয়ারপারসন আরও বলেন, গুম, খুন ও অত্যাচার-নির্যাতনকারী সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিকেল ৫টায় শুরু হয় এই মতবিনিময় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. মঈন খান, বেগম সেলিমা রহমান, গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ বিজয়া উপলক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কেএইচ, কেবি





