বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের পদ হারাচ্ছেন বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর। গতকাল শনিবার (২৪ জুলাই) দলটির একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। এরই মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বাগিয়ে নেন তিনি।
‘চাকুরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হয়ে ফের আলোচনায় আসেন তিনি। তার এই সংগঠনের কর্মকাণ্ড ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আওয়ামী লীগের হাইকমান্ডেরও চোখ এড়ায়নি বিষয়টি । তারা তার সংগঠনের বৈধতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বিতর্কিত এ কাণ্ডে তাকে মূল দল থেকেই বাদ দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘আমরা তাকে অব্যাহতি দিয়েছি। গত মাসের ১৮ তারিখ ডাকযোগে চিঠি পাঠিয়েছি।’
এদিকে হেলেনা জাহাঙ্গীরের আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বাতিল করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। দফতরকে চিঠি দেয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি।
এইচএন





