২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জয়ের জন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের দোয়া করতে বললেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটরিয়ামে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এবং এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগের উদ্যোগে আয়োজিত “ আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সম্মেলন-২০১৪” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দোয়া কামনা করেন।
হোমিওপ্যাথিক ডাক্তারদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, আপনাদের সকল দাবি-দাওয়া আলোচনার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তবে এর জন্য শেখ হাসিনা সরকারকে বার বার ক্ষমতায় আনা দরকার।
তিনি আরও বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। তাই আপনারা (হোমিওপ্যাথিক ডাক্তার) দু’হাত তুলে দোয়া করনে, আবারও যেন শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারেন। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।
নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে আজ আমরা এখানে বসে থাকতে পারতাম না। শেখ হাসিনার সাহসিকতার জন্যই বাংলাদেশে আজ গণতন্ত্র টিকে আছে। না হলে আজ থাইল্যান্ডে পরিণত হতো বাংলাদেশ।
তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এটা সম্পন্ন হয়েছে। তাই এই বিল নিয়ে কেউ আর অযথা বিতর্ক সৃষ্টি করবেন না। পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই বিচারপতিদের অপসরনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। আমরাও তাই করেছি। অতএব এ নিয়ে সমালোচনা করার কোন সুযোগ নেই।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা হোমিওপ্যাথিক ডাক্তাররা।
ঢাকা, এমআর, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





