বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সৈনরা যেন বাংলাদেশে ঢুকতে পারে গোপনে সেই চুক্তি করতেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ভারতের কাছে ইজারা দেয়া হবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো লাভ হবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৪৬ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনার সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিলে আপনি জনগণের ধিক্কিত হবেন।
তিনি বলেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করা হলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী আরেকটি ইনক্রিমেন্ট পাবেন। প্রধানমন্ত্রী আপনি যাদের কাছে চাকরি করছেন তাদের কাছেই প্রতিরক্ষা চুক্তি করছেন। কিন্তু দেশের মানুষ যে এই চুক্তির বিরুদ্ধে তা ভারতের কানে পৌঁছালেও আপনার কানে ঢুকছে না।
দেশে চলমান জঙ্গিবাদ প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রতিটি জঙ্গি বিষয়ে খবর নিয়ে দেখেন সবাই আওয়ামী লীগের। আওয়ামী লীগে রাজাকার পাবেন, জঙ্গী পাবেন, গণতন্ত্র বিরোধী পাবেন। কারণ তারা এসবের উৎপাদনের রাজনীতি করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।
এমই





