একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি।
হরতালের সমর্থনে আজ (সোমবার) সকালে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে, রাজধানীর উত্তরায় হরতালের মিছিল বের হলে সেখান থেকে ৩ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি জামায়াতের। তবে, পুলিশ বলছে এ ধরনের কোনো আটকের ঘটনা ঘটেনি।
এক জামায়াত দাবি করেন, সোমবার সকালে উত্তরার সোনারগাঁ জনপদ সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করে।
আটককৃতরা হলেন, মনির, আশরাফ ও ওমর ফারুক।
তবে, আটকের বিষয় জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিস এসআই নাসিমা নাসরিন বলেন, আমাদের থানায় এধরনের কোনো আটকের ঘটনা ঘটেনি।
উত্তরা পূর্ব থানায় ফোন করলে তারাও একই কথা বলেন।
এছাড়া, উত্তরা পশ্চিম তুরাগ থানার যৌথ কর্মসুচিতে সকালে পুলিশ বাধা দেয়। এ সময় ৩-৪ জন পিকেটারকে গ্রফেতার করেছে বলে জানা গেছে। তুরাগ এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি করার খবর পাওয়া গেছে।
এদিকে, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে হরতাল শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের সব শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলেও ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে বলেন।
কেবি





