বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন গরীব মানুষকে হত্যা করার আন্দোলন। এই আন্দোলনে জণগণের কোন স্বার্থ নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমাণ্ড আয়োজিত ‘গণবিরোধী হরতাল অবরোধে জ্বালাও পোড়াও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে নৌমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতা পরিচালনা করছে। আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে।

তিনি বলেন, দুনিয়ার কোনো সন্ত্রাসী আন্দোলন বিজয় লাভ করতে পারেনি, খালেদা জিয়াও জয়লাভ করতে পারবে না।

তিনি বলেন, ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তাদের আন্দোলন গণতান্ত্রিক নয়। তারা মানুষকে জিম্মি করে আন্দোলন করছে।

শাজাহান খান বলেন, নবাব সিরাজউদদৌলাকে ধ্বংস করার জন্য ঘষেটি বেগম যে ষড়ষন্ত্র করেছিলেন, ঠিক একই কায়দায় আজ বাংলাদেশকে ধ্বংস করার ষড়ষন্ত্র করছেন খালেদা জিয়া।

আলোচনা সভায় ৮ নারী মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা যুব কমাণ্ডের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাউছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া প্রমুখ।

এমএ/ এআর