আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সমাজের সকল দূঃস্কৃতিকারীদের নিয়ে বিএনপি গঠন করা হয়েছে। এদেরকে নিয়ে বিএনপি এখন অশুভ শক্তিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত শোকর‌্যালী পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা জাতির পিতার হত্যার দিনে কেক কেটে ফূর্তি করে তাদের সঙ্গে কোন সমঝোতা হতে পারে না। জাতি তাদের কোন দিনই ক্ষমা করবে না।

উপস্থিত যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে তাদের চির দিনের জন্য বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে। আপনাদের সে সক্ষমতা আছে। তাদেরকে প্রতিরোধ করুন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলার জনগণ জানে আপনার জন্মদিন ১৫ আগস্ট নয়। তারপরও যদি আপনি দাবি করেন আপনার জন্মদিন ১৫ আগস্ট। তাহলেও জাতির এ শোকের দিনে জন্মদিন পালন না করে  ১ দিন (১৬ আগস্ট) পরে জন্মদিন পালন করেন।

তিনি বলেন, মিথ্যা জন্মদিন পালন করে জাতি বিভক্ত করবেন না। কেক কেটে জন্মদিন পালন করা পশ্চিমা সংস্কৃতি। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়।

আশরাফ বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে কখনও মেনে নিতে পারেন নি।তাই তিনি মিথ্যা জন্মদিন পালন করে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন।

যুবলীগের সভাপতি আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন  সংগঠনের সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত পাল, এ্যাডভোকেট শহীদ সেরনিয়াবাত প্রমুখ।

ঢাকা, এমআর, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ