বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রস্তুত হন, বাংলাদেশের শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে আপনাকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শ্রমিক সংহতি ফেডারেশনের’ জাতীয় সম্মেলন ২০১৫ তে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়া কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। অথচ ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি। আবার ২৬ মার্চেও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাননি। তাহলে কি তিনি পাকিস্তানে যাবেন? শ্রদ্ধা জানাতে না গিয়ে বেগম জিয়া সেটাই প্রমাণ করেছেন বলে দাবি করছেন শাজাহান খান।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) উনি বলেছেন আমাদের দেশের গণতন্ত্র নেই। চুরি হয়ে গেছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন রাষ্ট্রবিজ্ঞানী হয়ে তিনি একথা কিভাবে বললেন?

তিনি বলেন, আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে বিচারের মুখোমুখি করা হবে।

চলমান সহিংসতার বিরুদ্ধে আবার ৫ এপ্রিল (রোববার) গণপদযাত্রার ঘোষণা দেন তিনি। পদযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে শিখা চিরন্তনিতে এসে শেষ হবে।

এমআর/ এআর