বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় সরকারের নৈরাজ্যকর পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল হয়নি, অথচ রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ি করছে।
তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা, শিক্ষার উপকরণ, সঠিক পাঠদানের সীমাবদ্ধতাই উচ্চমাধ্যমিকে রেজাল্ট খারাপ হয়েছে। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় পরীক্ষার ফল খারাপ হয় না। রেজাল্টে দেখা গেছে অনেক পরীক্ষার্থী সব বিষয়ে পাশ করছে শুধু ইংরেজীতে ফেল করছে তাহলে কি রাজনৈতিক প্রভাব কি ইংরেজীর উপর পড়েছে। রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কূটনৈতিক সব ক্ষেত্রে প্রভাব পড়ে। সরকারের সদিচ্ছা থাকলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতো। পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে পিছিয়ে নিতে পারত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য 'ছাত্রলীগের ওরা শিশু, ওদের বেশি সমালোচনা করবেন না' এমন বক্তব্যর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগ শিক্ষকদের মারে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়, ছাত্রাবাস পুড়িয়ে দেয়, ধর্ষণে সেঞ্চুরি করে- এগুলো কি শিশুদের কাজ। ছাত্রলীগের অপকর্মের জন্য শেখ হাসিনাও তার নাম ছাত্রলীগ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
বিএনপির এই নেতা বলেন, ছাত্রলীগ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীদের বিতারিত করেছে। তাদের স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয় না। এতেই ছাত্ররাজনীতি রুগ্ন হয়ে পড়ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ম্যাডাম চিকিৎসার জন্য দু-এক দিনের মধ্যে লন্ডন যাবেন। এক দিন এদিক সেদিক হতে পারে। সেখানে তিনি এক সপ্তাহের মত থাকবেন। লন্ডনে তার চিকিৎসার জন্য দু'দিনের অ্যাপয়েনমেন্ট আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।
এমএইচ/ এআর





