সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ক্ষয়ক্ষতি পরিমাপ করতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পৌঁছেছে বিএনপির তদন্ত কমিটি।
এর আগে সকাল ৬টায় বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে তদন্ত দল রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, এ কমিটি সরজমিন তদন্ত করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে প্রতিবেদন দাখিল করবে।
গত শনিবার খালেদা জিয়া এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনের নেতা শেখ ফরিদুল ইসলাম ও আবদুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ ও প্রাণিকুলতেল বিপর্যয়ের মুখে পড়ে।
এআর





